ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ
মজুরি নির্ধারণে শ্রমিকদের ন্যায্য দাবি ও মালিকদের সক্ষমতা বিবেচনায় নেয়া উচিত
ড. নাজনীন আহমেদ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে বিজয়ী দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন সিপিডি’র নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
শুধু মজুরি বাড়িয়েই পোশাক শ্রমিকদের সুরক্ষা সম্ভব নয়। কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ সুন্দর কাঠামো থাকতে হবে। মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকার একত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত। মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমান নির্বাহের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে। যেকোন অস্থিরতা বায়ারের আস্থা কমায়।
ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারাখানা বন্ধ হয়েছে, তারা যেসব অর্ডার নিয়েছে তা সঠিক সময়ে সরবরাহ করতে না পারলে বায়ারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের অবনতি হতে পারে। কোনভাবেই সহিংসতা তৈরি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোন পক্ষের ইন্ধন থাকলে মালিক—শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সকল পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আজ (১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার) এফডিসিতে পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে এক ছায়া সংসদে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ, ভাঙচুরের মধ্যদিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। বিদেশী ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। এতে রপ্তানি কমবে। এই অস্থিতিশীলতা চলমান থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোসহ নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উভয়ই প্রয়োজন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ৬টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ। শ্রমিকদের এই আন্দোলন স্বতস্ফুর্ত আন্দোলন কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ভাবিয়ে তুলছে। পোশাক শ্রমিকদের চলমান এই আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। কোন অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিক ছদ্মবেশে কেউ নাশকতা তৈরির চেষ্টা করলে তা কঠোরহস্তে দমন করা উচিত।
“মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি” শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক হোসাইন শাহাদাত, সাংবাদিক মো. আতিকুর রহমান ও বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
লেখক: সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ



