দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। এই গরমে শরীর সতেজ রাখতে ঘরেই সহজে তৈরি করা যায় নানা ধরনের শরবত। সবচেয়ে পরিচিত ও উপকারী পানীয় হলো লেবুর শরবত, তরমুজের শরবত এবং আমপোড়া শরবত।
লেবুর শরবত
লেবুর শরবত শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে। লেবুর রস পানিতে মিশিয়ে স্বাদমতো চিনি ও লবণ যোগ করুন। পুদিনা পাতা থেঁতলে মিশিয়ে দিলে স্বাদ ও সুগন্ধ আরও বাড়বে। চাইলে লেবুর রস, পুদিনা পাতা ও সামান্য লবণ মিশিয়ে আইস কিউব বানিয়ে রাখতে পারেন। খাওয়ার সময় ঠান্ডা পানিতে সেই কিউব মিশিয়ে নিলেই তৈরি হবে সতেজ লেবুপানি।
তরমুজের শরবত
গরমে তরমুজের শরবত শরীরকে দ্রুত ঠান্ডা করে। টাটকা তরমুজ কেটে বীজ ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এরপর আইস ট্রেতে রেখে ফ্রিজে জমিয়ে নিন। খাওয়ার সময় গ্লাসে কয়েকটি তরমুজ কিউব, ঠান্ডা পানি, স্বাদমতো লবণ ও চিনি মিশিয়ে পরিবেশন করুন।
আমপোড়া শরবত
কাঁচা আম পুড়িয়ে পাল্প বের করে নিন। তাতে স্বাদমতো লবণ, চিনি ও চাটমসলা মিশিয়ে কাথ্ব তৈরি করুন। এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। খাওয়ার সময় পানিতে মিশিয়ে নিলেই তৈরি হবে আমপোড়া শরবত।
টিপস
শরবতের পাল্প বা আইস কিউব আগে থেকে তৈরি করে রাখলে সহজে শরবত বানানো যায়।
গরমে শরীর সতেজ রাখতে প্রতিদিন অন্তত একটি শরবত পান করা উপকারী।
তীব্র গরমে এই সহজ ঘরোয়া শরবতগুলো শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি হারানো শক্তি ও ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে সহায়তা করবে।



