Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে এ শুল্ক কার্যকর হতে পারে। তবে ওয়াশিংটনের এ প্রস্তাবের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পর্যালোচনা করছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) জারি করা নোটিশ তারা পেয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই বলে দাবি করেছে নয়াদিল্লি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় ১৪টি অর্থনীতির বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এ শুল্ক প্রস্তাব দেওয়া হয়েছে। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত বিভিন্ন নীতি ও চর্চা খতিয়ে দেখতে গত মার্চে এ তদন্ত শুরু করে ইউএসটিআর।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত নিজের চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করে, দেশটির বাজারে বিদেশি পণ্যের প্রবেশ কঠিন এবং শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব কারণে মার্কিন ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে বিভিন্ন বাণিজ্যিক অংশীদার উৎপাদন, মজুরি ও শ্রমিকদের অধিকারসংক্রান্ত নীতি এবং আর্থিক সহায়তার মাধ্যমে নিজেদের শিল্পকে সুবিধা দিয়ে আসছে। এসব চর্চা আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে দুর্বল করছে।

ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যের মতো কয়েকটি খাতে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। এসব গুরুত্বপূর্ণ খাতে ভারতীয় উৎপাদনের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে শুল্কের প্রস্তাব শুধু ভারতের জন্য নয়। চীনসহ আরও কয়েকটি দেশের পণ্যের ওপর ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত হার ১৫ শতাংশ। অন্যদিকে, ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে ২০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় আরোপ করা ব্যাপক শুল্ক বাতিল করেন। এরপর নতুন করে বাণিজ্য তদন্ত শুরু করে ইউএসটিআর। এর প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাতেও।

গত ফেব্রুয়ারিতে দুই দেশ বাণিজ্য চুক্তির একটি কাঠামো চূড়ান্ত করেছিল। তবে শুল্কসংক্রান্ত আদালতের রায়ের পর সেই আলোচনা আবার নতুন করে শুরু করতে হয়েছে। বর্তমানে একটি অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে দুই দেশ।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ চলমান আলোচনার কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত বলে নয়াদিল্লির অবস্থান। দ্রুত ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ২৫ জানুয়ারি জনশুনানির আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। ফলে প্রস্তাবটি নিয়ে এখনো আলোচনা ও পরিবর্তনের সুযোগ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন