Logo
Logo
×

আন্তর্জাতিক

এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-শি-পুতিনের বৈঠকের পরিকল্পনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-শি-পুতিনের বৈঠকের পরিকল্পনা

ট্রাম্প, শি জিনপিং ও পুতিন। ছবি: সংগৃহীত

বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা প্রথমবার একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ত্রিপক্ষীয় বৈঠক হবে বিশ্বে বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারের অধিকারী তিন দেশের নেতাদের প্রথম এ ধরনের বৈঠক।

তবে বিশ্লেষকদের ধারণা, এই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসার সম্ভাবনা কম। আলোচনায় বাস্তব ফলাফলের চেয়ে প্রতীকী গুরুত্বই বেশি থাকবে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউস তিন নেতার বৈঠকের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে। এমন এক সময়ে এই উদ্যোগ নেয়া হয়েছে, যখন তিন দেশের পারস্পরিক সম্পর্ক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।

গত বছর স্বল্পস্থায়ী বাণিজ্যযুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছানোর পর ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। অন্যদিকে, ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ অব্যাহত রেখেছেন পুতিন। একই সময়ে ইরানের সঙ্গে সামরিক, গোয়েন্দা ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে মস্কো। তা সত্ত্বেও পুতিনের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য, এই বৈঠকে ইরান যুদ্ধ নিয়ে তিন নেতার আলোচনার পাশাপাশি তিন দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়েও কথা বলার সুযোগ তৈরি হবে। তবে নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প শি ও পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। কিন্তু ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে যাবেন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় দুটি পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর আর কোনো সীমা থাকছে না। নিউ স্টার্ট নামে পরিচিত ওই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। এর পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন, উন্নত ও আধুনিক’ চুক্তির আহ্বান জানান তিনি।

মার্কিন ওই কর্মকর্তা বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ভবিষ্যতে ফলপ্রসূ আলোচনা শুরুর একটি সুযোগ হিসেবে এই বৈঠক আয়োজন করা হচ্ছে। তবে বৈঠক থেকে কোনো চুক্তির প্রত্যাশা নেই। পেন্টাগনের হিসাব অনুযায়ী, চীনের হাতে ছয় শতাধিক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকের অস্ত্রভান্ডারে পাঁচ হাজারের বেশি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।

দুই দেশের তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম হওয়ায় এ বিষয়ে কোনো চুক্তি করতে বেইজিংয়ের আগ্রহ খুব একটা দেখা যায়নি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও স্বীকার করেছেন, পারমাণবিক অস্ত্রভান্ডারের বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা কঠিন হবে। তবে মার্কিন কর্মকর্তা এই বৈঠকটিকে চীনের জন্য এমন একটি সুযোগ হিসেবে দেখছেন, যেখানে তারা আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন একটি বিষয়ে ‘দায়িত্বশীল পক্ষ’ হিসেবে নিজেদের তুলে ধরতে পারে।

বৈঠনের গুরুত্ব নিয়ে তিন দেশের ভিন্ন হিসাব

বৈঠক আয়োজনের সম্মতি দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো দেশটির ক্রমবর্ধমান প্রভাব ও মর্যাদা তুলে ধরার সুযোগ দেখছেন। অন্যদিকে, ক্রেমলিনের জন্য এই সম্মিলন ওয়াশিংটন ও বেইজিংয়ের সমকক্ষ বিশ্বশক্তি হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সঙ্গে যুক্ত এডগার কাগান বলেন, পুতিনের কাছে এই বৈঠকের মূল বিষয় ছিল ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে এমনভাবে আলোচনার সুযোগ তৈরি করা, যাতে মনে হয় ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তারাও অংশীদার। অথচ ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো বিষয়টি পছন্দ করে না।

ত্রিপক্ষীয় এই বৈঠক এপেক সম্মেলনের গুরুত্বকেও ছাপিয়ে যেতে পারে। শেনজেনে অনুষ্ঠেয় সম্মেলনে ২১টি অর্থনীতির প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে  দ্রুত বর্ধনশীল, অত্যাধুনিক উপকূলীয় মহানগরীকে তুলে ধরতে পারবে চীন, যা মাত্র কয়েক দশকের ব্যবধানে একটি ছোট মৎস্যজীবী গ্রাম থেকে বিশ্বমানের প্রযুক্তি ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।

তবে এই সম্মিলন চীনের অবস্থানের জন্য কিছুটা জটিলতাও তৈরি করতে পারে। পশ্চিমা দেশগুলোর শীতল যুদ্ধের মানসিকতা রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ শুরু করতে ভূমিকা রেখেছে- এমন যুক্তি দিয়ে আসছে বেইজিং। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও চুক্তিগুলোকে দুর্বল করেছে বলেও সমালোচনা করে চীন।

আগেও বহুবার জোড়ায় বৈঠক করেছেন তিন নেতা

শি জিনপিং ও পুতিনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ২০১৩ সালে শি চীনের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তারা ৪০ বারের বেশি বৈঠক করেছেন। একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বলেও সম্বোধন করেন তারা।

অন্যদিকে, ট্রাম্প ও পুতিন সাতবার সরাসরি বৈঠক করেছেন। তাদের সর্বশেষ মুখোমুখি বৈঠক হয় ২০২৫ সালের আগস্টে আলাস্কায়। শি জিনপিং ও ট্রাম্পও আটবার সরাসরি আলোচনায় বসেছেন। এর মধ্যে গত সেপ্টেম্বরে শির ওয়াশিংটন সফরও রয়েছে।

মস্কোর সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেইজিং। ২০২২ সালে পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পর দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও চীন রাশিয়ার জ্বালানি ক্রয় বাড়িয়েছে। একই সঙ্গে রুশ অস্ত্রশিল্পের জন্য উচ্চপ্রযুক্তির যন্ত্রাংশসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তির প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে দেশটি। পশ্চিমা দেশগুলোর সরবরাহ বন্ধের আহ্বানও উপেক্ষা করেছে বেইজিং।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর আগে শি ও পুতিন তাদের দুই দেশের সম্পর্ককে ‘সীমাহীন বন্ধুত্ব’ বলে ঘোষণা করেছিলেন। ইউক্রেন সংঘাতে চীন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানের কথা বললেও দেশটির পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার সামরিক পদক্ষেপ উসকে দেয়ার অভিযোগ করে আসছে বেইজিং। অন্যদিকে, তাইওয়ান-সংক্রান্ত বিষয়ে চীনের নীতির প্রতি সমর্থন জানিয়ে আসছে মস্কো।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে ডিজেল কেনার একটি চুক্তিও করেছেন ট্রাম্প। এর আওতায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিল করে কয়েক মিলিয়ন টন জ্বালানি বিক্রির সুযোগ দেয়া হয়েছে। রুশ তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রধান কারণ ইরান যুদ্ধ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ত্রিপক্ষীয় বৈঠক কিয়েভকে পাশ কাটিয়ে ইউক্রেন নিয়ে সম্ভাব্য কোনো চুক্তি আলোচনার মঞ্চ হয়ে উঠতে পারে। বৈঠকের পরিকল্পনা ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা জার্মানি ও বার্লিনকে চারটি সামরিক দখলদারত্ব অঞ্চলে ভাগ করার বিষয়ে একমত হন। পাশাপাশি জাতিসংঘ প্রতিষ্ঠার পরিকল্পনাও চূড়ান্ত করেন তারা।

তবে ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা নাকচ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তার মতে, শেনজেনে সম্ভাব্য কোনো সমঝোতা হলেও তা অন্যদের ওপর চাপিয়ে দেয়া যাবে না। পেসকভ বলেন, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশের নেতাদের বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বৈশ্বিক ব্যবস্থার ধারণা এমন হওয়া উচিত, যেখানে কেউ নিজের দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দেবে না; বরং তা পারস্পরিক সুবিধা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন