Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত, স্থগিত কনস্যুলার সংলাপ

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত, স্থগিত কনস্যুলার সংলাপ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে ভারত। তবে দুই দেশের মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ সংলাপের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

জয়সওয়াল জানান, সাম্প্রতিক সময়ে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেন তিনি।

কনস্যুলার সংলাপ স্থগিতের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুই দেশের পারস্পরিক সুবিধা বিবেচনা করে পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। ওই আলোচনায় সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

এদিকে, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে নতুন করে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে দুই দেশের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে।

গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি আবারও জানায় ঢাকা।

তবে ওই ভার্চুয়াল আয়োজনের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকে নয়াদিল্লি সমর্থন করে না বলে আগেই জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন