প্রেম, গুপ্তচরবৃত্তি ও পদত্যাগ: জেনসেন হুয়াংকে এবার কংগ্রেসে তলব
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
জেনসেন হুয়াং। ছবি: এএফপি
মার্কিন টেকজায়ান্ট এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আগামী মাসে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগ এবং এনভিডিয়ার সংবেদনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চীনের কাছে রপ্তানির বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
একই ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও সিনেটের ব্যাংকিং কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে।
বিবিসি, সিএনএন ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর টিম স্কট হুয়াং ও লুটনিককে চিঠি পাঠিয়ে আগামী ৩ ডিসেম্বর স্বেচ্ছায় সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানান। তারা হাজির না হলে সমন জারি করে বাধ্য করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
স্কট বলেন, সাম্প্রতিক প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে মার্কিন জনগণের জবাব পাওয়ার অধিকার রয়েছে।
এদিকে প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক, পররাষ্ট্রবিষয়ক এবং চীনবিষয়ক কমিটি হুয়াংকে আগামী ১ ডিসেম্বর রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে। আজ শুক্রবার রাত ৮টার মধ্যে সম্মতি না দিলে তার বিরুদ্ধে সমন জারি করা হতে পারে বলেও চিঠিতে জানানো হয়েছে।
আরেক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ
হুয়াংয়ের বিরুদ্ধে প্রথমে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের কর্মকর্তা ছিলেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তাকে চীনের গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে।
তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন এবং দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে উল্লেখ করেছে।
গত ৮ নভেম্বর হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে এনভিডিয়ার আরেক কর্মকর্তা কিম্বারলি পাওয়েলের সঙ্গেও সম্পর্কের অভিযোগ সামনে আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের সঙ্গে দ্বিতীয় এক কর্মীর অন্তরঙ্গ সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে অবগত দুই ব্যক্তি।
পাওয়েল এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট। তিনি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন এবং সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বৃহস্পতিবার জানিয়েছেন, অ্যালিস হুয়াং চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বিচার বিভাগ।
এনভিডিয়াও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ তাদের কাছে নেই। তবে এ বিষয়ে স্বাধীন তদন্ত চলছে।
হুয়াংয়ের পদত্যাগ, অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস
বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে সরে দাঁড়ান জেনসেন হুয়াং। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি খুঁজতে অভ্যন্তরীণ ও বাইরের প্রার্থীদের বিবেচনা করছে পরিচালনা পর্ষদ।
হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। বিশেষ করে তিনি বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১৯৯৩ সাল থেকে এনভিডিয়ার নেতৃত্বে থাকা হুয়াং প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি কোম্পানিতে পরিণত করেন। গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যাপক প্রসারের সঙ্গে এনভিডিয়ার চিপের চাহিদা বেড়ে যায়। এআই মডেল ও চ্যাটবট তৈরিতে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য প্রতিষ্ঠানটির শক্তিশালী চিপ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
হুয়াংয়ের পাশে ট্রাম্প, উত্তরসূরি হিসেবে টিম কুকের নাম
এনভিডিয়া সংকটের মধ্যে হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুয়াংয়ের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন তিনি। পদত্যাগের আহ্বান মোকাবিলা করে হুয়াংকে দায়িত্বে থাকার লড়াই চালিয়ে যেতে ট্রাম্প উৎসাহিত করেছিলেন বলে সিএনএনকে জানিয়েছেন এ বিষয়ে অবগত এক ব্যক্তি।
ট্রাম্প বলেছেন, হুয়াং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে অ্যালিস হুয়াং সত্যিই গুপ্তচর কি না, তা এখনো নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ওই নারী গুপ্তচর হলে বিষয়টি এক রকম, আর তা না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে হুয়াং শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে এনভিডিয়ার নতুন সিইও হিসেবে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুকের নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, হুয়াংয়ের জায়গায় কুকই হতে পারেন উপযুক্ত ব্যক্তি। কুক একজন কিংবদন্তি, আরেক কিংবদন্তির স্থলাভিষিক্ত হতে পারেন।
১৫ বছর অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালনের পর গত সেপ্টেম্বরে পদ ছাড়েন কুক। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনভিডিয়ার বাজারমূল্যে বড় ধাক্কা
হুয়াংয়ের পদত্যাগের পর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে এনভিডিয়া। বৃহস্পতিবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। এতে এক দিনেই প্রায় ১৮২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে কোম্পানিটি।
দিনের শুরুতে শেয়ারের দর একপর্যায়ে ১৪ দশমিক ৩৫ শতাংশ পর্যন্ত কমে যায়। এতে সাময়িকভাবে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে বিনিয়োগকারীদের কেনাকাটায় দরপতন কিছুটা কমে আসে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি কমেছে। সিএনএনের হিসাবে, এ সময়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে প্রায় ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার মুছে গেছে।
এনভিডিয়ার দরপতনের প্রভাব পড়েছে সামগ্রিক শেয়ারবাজারেও। বৃহস্পতিবার নাসডাক সূচক কমেছে শূন্য দশমিক ৩৯ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। বিপরীতে প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা এএমডির শেয়ার বেড়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ এবং ব্রডকমের বেড়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এ ঘটনা ঘটল। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেওয়ার কথা ট্রাম্পের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ সম্মেলনে হুয়াংও অংশ নিতে পারেন বলে আগে আলোচনা থাকলেও পদত্যাগের পর তিনি যাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।



