এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
বিশ্বজুড়ে নতুন সংকট তৈরি করেছে এল নিনো। এর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে বলিভিয়া।
শনিবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এই জরুরি অবস্থা ঘোষণা করেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাজ বলেন, এল নিনোর কারণে বলিভিয়ায় বন্যা ও খরা—দুই ধরনের দুর্যোগই দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তিনি আরও বেশি সংখ্যক উদ্ধারকারী দল মোতায়েনের নির্দেশ দেন।
পাজ বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।’
চলতি সপ্তাহে প্রকাশিত সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার নয়টি বিভাগের মধ্যে ছয়টিতে খরার কারণে ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত এবং ৭৫ হাজারের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
জাতিসংঘ এ সপ্তাহে সতর্ক করে বলেছে, চলমান এল নিনো ‘অভূতপূর্ব’ শক্তিশালী হয়ে উঠতে পারে, যা লাতিন আমেরিকা, আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চল, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক বিপর্যয় ডেকে আনতে পারে।
বলিভিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পেরুতেও তাপমাত্রা বেড়েছে এবং দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ইতোমধ্যে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।
অতীতের সব রেকর্ড ভেঙে চিলির রাজধানী সান্তিয়াগোতে অক্টোবরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।



