মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিক ও সরকারি কর্মীদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, গত ২৩ অক্টোবর জারি করা সতর্কতার ধারাবাহিকতায় নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে নতুন হামলার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণসংক্রান্ত সর্বশেষ নির্দেশনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক হামলাগুলোর কারণে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। ফলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করছে।



