Logo
Logo
×

আন্তর্জাতিক

আরও বাড়ল জ্বালানি তেলের দাম

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

আরও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। গত মে মাসের পর এটাই তেলের সর্বোচ্চ দাম।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে মার্কিন-ইসরাইলি অভিযান শুরু হলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা, সমুদ্রের তলদেশের কেবল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে হামলা চালানো হবে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের রিচার্ড হান্টার বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ অনুসরণ না করে ইরানে নতুন করে সামরিক হামলার কথা বিবেচনা করছে—এমন ব্যাপক খবরই তেলের দাম বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অনেকেই যে সংঘাতকে স্বল্পস্থায়ী বলে মনে করেছিলেন, তা এখন অষ্টম মাসে গড়িয়েছে।’

ইরান যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার ছিল। এরপর সংঘাত তীব্র হলে এপ্রিলের শেষ দিকে তা বেড়ে ১২৬ ডলারে পৌঁছায়।

চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বুধবার হরমুজ প্রণালিতে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে থাকা সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রের কিছু কূটনীতিক এবং মার্কিন সরকারি কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানাহ স্ট্রিটার বলেন, আগামী ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা বাড়ছে।

তিনি বলেন, ‘একই সময়ে এই সপ্তাহে হুতি বিদ্রোহীদের সৌদি আরবের স্থাপনায় হামলা বেড়েছে। হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করা জাহাজগুলোর জন্যও যাত্রা এখনো বিপজ্জনক। সেখানে এখনো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।’

সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি রাশিয়ার জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। সুসানাহ স্ট্রিটার জানান, ইউক্রেনের হামলায় রাশিয়ার ডিজেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়াও সরবরাহ নিয়ে শঙ্কা বাড়াচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এতে জ্বালানি তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: গার্ডিয়ান

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন