চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম
আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা বা ডিভি লটারি কর্মসূচি। ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় গত সোমবার (১৯ অক্টোবর) দেশটির আদালত কর্মসূচিটি পুনরায় চালুর পক্ষে ঐতিহাসিক রায় প্রদান করেন। খবর ফোর্বসের।
আদালতের নির্দেশনা অনুযায়ী, মার্কিন প্রশাসনকে অবিলম্বে ডিভি লটারির কার্যক্রম শুরু করতে হবে। এর ফলে বিশ্বজুড়ে গ্রিন কার্ডপ্রত্যাশীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।
এবারের ডিভি ২০২৭ লটারিতে বাংলাদেশিরা অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত জানা যাবে বাংলাদেশ যোগ্য দেশের তালিকায় রয়েছে কি না।
২০১২ সাল থেকে বাংলাদেশিরা ডিভি লটারিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে যান, যা ডিভি লটারির আইন অনুযায়ী নির্দিষ্ট সীমার বেশি।
মূলত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী প্রবেশ করেন, সেসব দেশের নাগরিকদের অগ্রাধিকার ও ইমিগ্রেশনের সুযোগ দিতেই এই ডাইভারসিটি প্রোগ্রাম পরিচালিত হয়।
জানা গেছে, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ডিভি লটারির প্রথমিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণের জন্য অফিশিয়াল পোর্টাল সক্রিয় করা হবে। নিবন্ধন কার্যক্রম অন্তত ৩০ দিন সক্রিয় রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক সিলেকশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে, আবেদন জমা দেয়ার পূর্বে যোগ্যতার সঠিক শর্ত, অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নিবন্ধনের নির্দেশিকা নিশ্চিত হতে পররাষ্ট্র দপ্তরের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।



