মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি বিচারিক আদালতে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার বিচার শেষে আদালত অভিযোগের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চতর কর্তৃপক্ষ সেই রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের ভিত্তিতে দণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারব্যবস্থা কার্যকর রাখা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ইসলামি শরিয়াহ অনুযায়ী আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: আজেল নিউজ



