Logo
Logo
×

আন্তর্জাতিক

জেলেনস্কির ওপর ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বললেন ‘ইউক্রেনের প্রেসিডেন্ট বদলানোর সময় এসেছে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

জেলেনস্কির ওপর ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বললেন ‘ইউক্রেনের প্রেসিডেন্ট বদলানোর সময় এসেছে’

রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে বিতর্কের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করেছেন তিনি।

গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’

এর এক দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। এ চুক্তির তীব্র সমালোচনা করেন জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়ার ডিজেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত মস্কোকে আরও হামলা চালাতে উৎসাহিত করেছে।

শনিবার ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার হামলায় তিন শিশুসহ ২০ জন নিহত হওয়ার পর এ বিতর্ক আরও জোরালো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণার পর মস্কো আরও হামলা চালিয়েছে। তার অভিযোগ, চাপ কমানোর যেকোনো পদক্ষেপকে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য রাশিয়া ধন্যবাদ জানিয়েছে জাপোরিঝঝিয়ার আবাসিক ভবনে পাঁচটি গ্লাইডেড বোমা ফেলে।

তিনি বলেন, ‘গতরাতের ঘটনা আবারও নিশ্চিত করেছে, চাপ কমানোর যেকোনো পদক্ষেপকে রাশিয়া এমন সংকেত হিসেবে দেখে যে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে, শহরগুলোতে বোমা ফেলতে পারে। এ ক্ষেত্রে ভিন্ন সংকেত দেওয়া প্রয়োজন।’

রাশিয়ার হামলায় জাপোরিঝঝিয়ার একটি আবাসিক ভবনের অংশ ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেন। শিশুটির দাদা আনাতোলি চুমনি মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মাসের শেষ দিকে শিশুটির জন্মদিন ছিল।

চলতি সপ্তাহে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে একাধিকবার। বুধবার ও বৃহস্পতিবার রাশিয়ার হামলায় প্রায় ৮০ জন বেসামরিক মানুষ নিহত হন। এরমধ্যে পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে বোমা হামলায় অন্তত ৩০ জন এবং কিয়েভের প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে প্রিলুকি শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ২২ জন নিহত হন।

জ্বালানির দাম নিয়ে চাপে ট্রাম্প

ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির উচ্চমূল্য ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে পারে।

ট্রাম্পের দাবি, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ব্যাহত করছে। তিনি বলেন, রাশিয়া বিশ্বের বড় একটি অংশে ডিজেল সরবরাহ করে। ইউক্রেনের হামলার কারণে যুক্তরাষ্ট্রের কৃষক ও খামারিরাও সমস্যায় পড়তে পারেন।

জ্বালানি সরবরাহ নিয়ে ট্রাম্পের এ অবস্থানের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতারাও। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির প্রতিনিধি ডন বেকন বলেছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিবর্তে কংগ্রেসে সম্প্রতি পাস হওয়া অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর করার সময় এসেছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে এ চুক্তির ফলে জ্বালানির দাম দীর্ঘমেয়াদে কমে আসার সম্ভাবনা কম। কারণ, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা না হলে দেশটি যে পরিমাণ ডিজেল রপ্তানি করত, চুক্তির আওতায় সরবরাহের পরিমাণ তার তুলনায় অনেক কম।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করবে যুক্তরাজ্য

ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম। শনিবার জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর এ কথা জানান তিনি। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই নেতা সরাসরি বৈঠক করবেন।

এদিকে যুদ্ধ বন্ধে একটি যৌথ প্রস্তাব তৈরির লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠক হয়েছে। মায়ামিতে অনুষ্ঠিত এ আলোচনার মধ্যেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তির ঘোষণা দেন। জেলেনস্কি বলেছেন, এ ঘোষণায় কিয়েভ বিস্মিত হয়েছে।

শনিবার ইউক্রেনের প্রতিনিধিদল দেশে ফেরার পথে ছিল বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স ইউক্রেন। অন্যদিকে শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর পুতিন বলেন, ইউক্রেনের ড্রোন হামলার কারণে অবিলম্বে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শনিবার এক সূত্রের বরাতে জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো সফর করতে পারেন।

জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প

হোয়াইট হাউসে বক্তব্যের সময় ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। একইসঙ্গে ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি।

ট্রাম্প বলেন, তিনি জেলেনস্কিকে তেল শোধনাগারে হামলা না চালাতে বলেছিলেন। তার দাবি, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনের সামনে আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা নির্বাচন করুক, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তা করেন না।’

অন্যদিকে কিয়েভের অবস্থান হলো, যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনায় বসাতে ওয়াশিংটনের উচিত মস্কোর ওপর চাপ বাড়ানো, নিষেধাজ্ঞা শিথিল করা নয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন