নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা করলেন শ্বশুর-শাশুড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তার বয়স্ক শ্বশুর ও শাশুড়ি তাকে গুলি করেছেন। এ অভিযোগে তাদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সান ফ্রান্সিসকো থেকে ৩৫ মাইল (৫৬ কিমি) পূর্বে ডাবলিন শহরের একটি গাড়ি রাখার স্থানে (কার পার্ক) ৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিন্সিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তিনি নিউইয়র্ক টাইমসের ‘গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স’ বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুর ও শাশুড়ি—শাউয়ং ঝাং এবং শিলি চেনের বিরুদ্ধে (উভয়ের বয়সই ৭৭ বছর)—প্রথম-মাত্রার হত্যাসহ (ফার্স্ট-ডিগ্রি মার্ডার) একাধিক অভিযোগ আনা হয়েছে।
দম্পতির কোনো আইনজীবী আছেন কি না, তা জানা যায়নি। আগামীকাল বুধবার তাঁদের আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি করা হবে। জোনাথনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস।
সান ফ্রান্সিসকোর কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান এবং এরপরই ভুক্তভোগীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনার স্থান দিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা কয়েক মিনিট পরেই ওই দম্পতিকে গ্রেপ্তার করেন।
প্রত্যক্ষদর্শী আসাদ রাজাবি বলেন, ‘আমি লোকটিকে মাটিতে পড়ে যেতে দেখলাম, তার মাথা ও বুক রক্তে ভেজা ছিল।’ ওই প্রত্যক্ষদর্শীর মেয়ে জানান, তার বাবা ওই দম্পতিকে একসাথে হাঁটতে এবং গুলির ঘটনার পর স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যেতে দেখেছিলেন।
পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলেই ম্যাককিন্সিকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ তার হত্যার কোনো কারণ বা উদ্দেশ্য প্রকাশ করেনি। ওই বয়স্ক দম্পতিকে সান্তা রিটা কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক ষড়যন্ত্র (ফেলোনি কনস্পিরেসি), চরম অবহেলার সাথে ইচ্ছাকৃতভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।



