Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানকে বিচ্ছিন্ন করতে বৈশ্বিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

ইরানকে বিচ্ছিন্ন করতে বৈশ্বিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থা থেকে আরও বিচ্ছিন্ন করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে বিভিন্ন দেশে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে পরিচালিত হচ্ছে।

স্কট বেসেন্টের দাবি, এই কর্মসূচির অংশ হিসেবে ইরানের সঙ্গে বিমান ও ব্যাংকিং যোগাযোগ সীমিত করতে বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তিনি জানান, তুরস্ক ও ওমান ইতোমধ্যে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে বলে তিনি দাবি করেন।

মার্কিন অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের কয়েকটি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকও ইরানের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে।

গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে, ইরানের আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক সংযোগের গুরুত্বপূর্ণ পথগুলো সংকুচিত করে দেশটির ওপর চাপ বাড়ানো।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, কর্মসূচির আওতায় ইরানের তেল পাচার, নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ স্থানান্তর এবং বিভিন্ন আর্থিক নেটওয়ার্কের কার্যক্রম শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও নেটওয়ার্কের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

এছাড়া বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ইরানের অর্থনৈতিক নেটওয়ার্ক এবং নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল সম্পর্কে তথ্য সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যাতে এসব কার্যক্রম প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা যায়।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক পদক্ষেপের ফলে ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল ও ব্যাংকিং কার্যক্রম আরও সীমিত হয়ে পড়ছে। তবে তেহরান এসব পদক্ষেপের বিরোধিতা করে আসছে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টির নীতির সমালোচনা করছে।

সূত্র: শাফাক নিউজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন