ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হোয়াইট হাউসে ফিরল সেই তিনটি গণমাধ্যম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞার পর আবারও হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পেয়েছে সিএনএন, পলিটিকো ও এমএস নাউ। ফেডারেল বিচারক তিমোথি কেলি ওই তিন সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞাকে সম্ভাব্য অসাংবিধানিক বলে রায় দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের প্রবেশাধিকার পুনর্বহাল করা হয়। খবর বিবিসির।
এর আগে নিষেধাজ্ঞার বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন করেছিল তিন সংবাদমাধ্যম। আদালতে দেয়া আবেদনে তারা অভিযোগ করে, বিচারকের আদেশের পরও হোয়াইট হাউস বারবার তাদের সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে। তবে প্রবেশাধিকার পুনর্বহাল হওয়ার পর জরুরি শুনানি বাতিল করা হয়।
ট্রাম্প প্রথমে সিএনএন, পলিটিকো ও এমএস নাউ-কে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার কারণ হিসেবে তাদের সংবাদকে ‘ভুয়া খবর’ বলে উল্লেখ করেছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তার বিষয়টিকেও নিষেধাজ্ঞার কারণ হিসেবে তুলে ধরা হয়।
তবে বিচারক কেলি তার রায়ে জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা জারির সময় প্রেসিডেন্টের প্রাথমিক ঘোষণায় জাতীয় নিরাপত্তার কোনো উল্লেখ ছিল না। বিচারকের ভাষ্য অনুযায়ী, সংবাদমাধ্যমগুলোর হার্ড প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা বাস্তবে সুরক্ষিত হবে; এমন দাবির পক্ষে নথিতে পর্যাপ্ত তথ্য নেই। তিনি তিন সংবাদমাধ্যমের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন এবং ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা কার্যকর করা বন্ধ রাখেন।
এরপর হোয়াইট হাউসের অপারেশনস পরিচালক আদালতে জানান, (স্থানীয় সময়) সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রেস পাস ও জব্দ করা ব্যাজ ফিরিয়ে দেয়া হয়েছে। কিছুক্ষণ পর তিন সংবাদমাধ্যমই জানায়, তাদের সাংবাদিকরা আবার হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পেয়েছেন।



