হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আল্টিমেটাম ইরানের
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোহসেন রেজাই বলেন, জাতিসংঘে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন এসব শর্ত গ্রহণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। একই সঙ্গে শর্ত পূরণের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনাতেও বসবে না তেহরান।
তিনি জানান, হরমুজ প্রণালি বর্তমানে আলোচনার ক্ষেত্রে একটি ‘গ্যারান্টি’ বা চাপ সৃষ্টির উপাদান হিসেবে কাজ করছে। নতুন করে কূটনৈতিক প্রক্রিয়া শুরুর আগে যুক্তরাষ্ট্রকে ইরানের আস্থা পুনরুদ্ধার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রেজাই আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং পূর্ববর্তী কোনো সমঝোতার শর্তও আর গ্রহণ করবে না। তার ভাষায়, নতুন যে কূটনৈতিক পথ দেশটি বেছে নিয়েছে, তা পূর্ণ শক্তিতে এগিয়ে নেওয়া হবে।
তিনি দাবি করেন, ইরানি জনগণের বিশ্বাস ও আস্থা ফেরাতে যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিজেদের অবস্থান প্রমাণ করতে হবে।
এদিকে ইরানের বিমান চলাচল সীমিত বা বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছেন রেজাই। তিনি বলেন, কোনো দেশ যদি ইরানি বিমানকে তাদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দেয়, তাহলে সেই দেশগুলোর বিমানবন্দর কার্যক্রম অচল করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও জ্বালানি পরিবহন এ প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় এর যে কোনো অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।



