ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে ইরাক। দুটি সূত্রের তথ্যের বরাত দিয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) নিরাপত্তা বিষয়ক দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরাক ও ইরানের মধ্যকার শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্রটি বন্ধের নির্দেশ দেয় ইরাক সরকার।
সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে একটি বড় আকারের অভিযান চলছে। এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম পাইপলাইনে’ হামলা চালানো হয়। এরপরই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন।
হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের জট কমাতে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। যুদ্ধ প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার এমন সময়ে পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় উপসাগরীয় তেল সরবরাহের ওপর আরও চাপ তৈরি হলো।



