সিডনিতে উৎসবমুখর পরিবেশে ডুয়েটের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর পরিবেশে ‘ডুয়েট ডে’ উদযাপন করেছে ডুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া। রোববার সিডনি অলিম্পিক পার্কে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ডুয়েটের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি প্রবাসী ডুয়েটিয়ানদের প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। সিডনি ও আশপাশের এলাকায় বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার নিয়ে এতে যোগ দেন। দীর্ঘদিন পর সহপাঠী, সিনিয়র ও জুনিয়রদের একসঙ্গে পেয়ে স্মৃতিচারণ, আড্ডা ও কুশল বিনিময়ে পুরো আয়োজন আনন্দঘন হয়ে ওঠে।
অতিথিদের জন্য ছিল দেশীয় খাবারের আয়োজন। সমোসা, ভেজিটেবল রোল, পেঁয়াজু, ছোলা, ফল, সালাদ ও চায়ের পাশাপাশি দুপুরে বিশেষ বারবিকিউ এবং মুরগির পোলাও পরিবেশন করা হয়।
দুপুরের নামাজের পর ডুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার আগামী এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেন সভাপতি এবং প্রকৌশলী নিজামউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ডুয়েটের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন। এ ছাড়া কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন ড. মোহাম্মদ ইউসুফ, ড. আব্দুল আলিম, প্রকৌশলী শহিদুল ইসলাম মামুন, প্রকৌশলী বাদশাহ সেকেন্দার, প্রকৌশলী মীর আনোয়ার, প্রকৌশলী মোজিবুর রহমান, প্রকৌশলী মাসুদুর রহমান ও প্রকৌশলী রেজা রায়হানসহ সংগঠনের অন্য সদস্যরা।
নতুন নেতৃত্বের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসবাসরত ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। একই সঙ্গে সামাজিক, পেশাগত ও পারিবারিক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব ও সম্পর্ক প্রবাসেও অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব পারিবারিক মিলনমেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ডুয়েটের ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতার সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি হয়।
আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও পারিবারিক আড্ডার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শেষ হয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ডুয়েটিয়ান ও তাঁদের পরিবারকে নিয়ে নিয়মিত অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।



