চুল পড়া বন্ধের নতুন ওষুধ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ওজন কমানোর ওষুধের ব্যাপক সাফল্যের পর এবার শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা ঝুঁকেছেন চুল পড়া বন্ধের ওষুধের দিকে।
বিনিয়োগকারীদের এই আশার মূল কারণ হলো চুল পড়ার ওষুধের বিশাল বাজার। শুধু যুক্তরাষ্ট্রেই প্রায় আট কোটি মানুষ চুল পড়ার সমস্যায় ভুগছেন। অথচ দীর্ঘদিন ধরে এই চিকিৎসার নতুন কোনো ওষুধ বাজারে আসেনি, ফলে নতুন এই সুযোগকে পুঁজি করে মুনাফা করতে চাইছেন বিনিয়োগকারীরা।
এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক চর্মরোগ বিশেষজ্ঞদের প্রতিষ্ঠিত ‘ভেরাডারমিক্স’ নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা চুল পড়া বন্ধের একটি নতুন ট্যাবলেট তৈরি করছে, যা সেবন করলে শরীরে ধীরে ধীরে কাজ করবে। এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ‘মিনোক্সিডিল’ নামক একটি উপাদান।
আগে এটি সরাসরি ব্যবহার করলে অনেক সময় মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হতো। নতুন এই উন্নত কৌশলের কারণে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমে আসবে বলে আশা করা হচ্ছে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ওষুধটির মূল বিজ্ঞানে খুব বড় কোনো নতুন আবিষ্কার হয়নি। মূলত আগের ওষুধটিকেই যেন নিরাপদে এবং আরও সহজ উপায়ে সেবন করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
যদি এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়, তবে এটিই হবে মুখে খাওয়ার ক্ষেত্রে চুল পড়া বন্ধের অন্যতম কার্যকর ও স্বীকৃত নতুন ওষুধ।
সূত্র: দ্য প্রিন্ট।



