চীন-নেপাল সীমান্তে পাহাড় ধসে কৃত্রিম হ্রদ, আরও বড় বন্যার ঝুঁকি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
চীন ও নেপাল সীমান্তবর্তী নদীতে পাহাড় ধসে বরফ ও বড় বড় পাথর পড়ে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সেখানে পানি জমে একটি বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে।
কাঠমান্ডুর চীনা দূতাবাস জানিয়েছে, হ্রদে পানির পরিমাণ দ্রুত বেড়ে গেছে এবং তা উপচে পড়া শুরু করেছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
নেপালের ‘চ্ছোদেন খোলা’ ও ‘পুরেপু সাংপো’ নদীর সংযোগস্থলের কাছে পাহাড় ধসের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাটি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। স্থানীয়দের সতর্ক থাকতে এবং পানির স্তরের পরিবর্তনের দিকে নজর রাখতে বলা হয়েছে।
তবে হ্রদে ঠিক কতখানি পানি জমেছে বা বাঁধটি কখন ভেঙে পড়তে পারে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ইতোমধ্যে নেপালের রসুয়া ও আশপাশের জেলায় ভারী বৃষ্টি ও বন্যা চলায় ঝুঁকি আরও বেড়েছে।
চীনা দূতাবাস সাধারণ মানুষকে যাচাই না করা খবরে আতঙ্কিত না হওয়ার এবং কেবল নির্ভরযোগ্য সরকারি তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে।



