নেপালে বন্যায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল, নিখোঁজ ৯৭৭
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
নেপালের উত্তর সীমান্তে পাহাড়ি ধস ও বরফ গলে হঠাৎ শুরু হওয়া ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। লেন্দে ও ভোটকোশি নদীর কাদা-পানির তোড়ে ভেসে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮ জনে। এ ছাড়া আরও ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ২৮ জন পুলিশ সদস্য রয়েছেন। খবর কাঠমান্ডু পোস্টের।
গত বুধবার (২৬ আগস্ট) তিব্বত সীমান্তের কাছে পাহাড়ি ধসের পর পানির প্রবল স্রোত নেপালের নদীগুলোতে নেমে আসে। মুহূর্তেই নদীপাড়ের রাস্তাঘাট, ঘরবাড়ি ও স্থায়ী-অস্থায়ী সেতু ভেঙে যায়। মূল ঘটনাস্থল রসুয়া ছাড়াও দূরের জেলাগুলো থেকে প্রতিদিন লাশ উদ্ধার হচ্ছে।
লাশের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে মরদেহ রাখার জায়গা সংকট দেখা দিয়েছে। চিতবন জেলায় সবচেয়ে বেশি লাশ পাওয়ায় একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী মর্গে পরিণত করা হয়েছে। শনাক্ত না হওয়া মরদেহের ডিএনএ নমুনা ও আঙুলের ছাপ সংগ্রহ করে বিশেষ নম্বর দিয়ে দাফন করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবেলায় চার হাজারের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকা থেকে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের শতাধিক বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে।



