বাদ পড়েছিল ভোটের আগে, ফিরেছে ভোটের পরে
পশ্চিমবঙ্গে আপিলের পর ৯১ শতাংশ নাম ফিরল ভোটার তালিকায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বাদ যাওয়া হাজার হাজার ভোটারের নাম ফিরছে ভোটার তালিকা সংশোধনের পর। টাইমস অব ইন্ডিয়া বলছে, আপিল করাদের মধ্যে ৯১ শতাংশেরই নাম পুনরায় যুক্ত করা হয়েছে রাজ্যের নির্বাচনি তালিকায়। ফলে আপিল করাদের বেশিরভাগই আবার ভোটার তালিকায় জায়গা পেয়েছেন।
ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিষ্পত্তি হওয়া ৮২ হাজার ৭৮২টি আপিলের মধ্যে ৭৫ হাজার ৪৪৩ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর বাদ পড়েছে ৭ হাজার ৩৩৯টি নাম। সম্প্রতি চাঞ্চল্যকর এ তথ্য সামনে এসেছে কংগ্রেসের সংসদ সদস্য ইশা খান চৌধুরীর করা তথ্য অধিকার আইনের (আরটিআই) আবেদনের জবাবে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক চলছে। এই প্রক্রিয়ায় বাদ পড়া বা অন্তর্ভুক্তি নিয়ে আপিলের সুযোগ রাখা হয়েছিল।
নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৭ আগস্ট পর্যন্ত মোট ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি আপিল জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৮২ হাজার ৭৮২টির। অর্থাৎ মোট আপিলের প্রায় ২ দশমিক ১৭ শতাংশের সিদ্ধান্ত হয়েছে। বাকি ৩৭ লাখ ২৭ হাজার ৮৩৮টি আপিল এখনো নিষ্পত্তির অপেক্ষায়।
দেখা যাচ্ছে, এখন পর্যন্ত নিষ্পত্তি হওয়া মামলায় নাম ফেরার হার নাম বাদ যাওয়ার তুলনায় অনেক বেশি। এই পরিসংখ্যানই নতুন করে প্রশ্ন তুলেছে এসআইআরের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেয়ার প্রাথমিক প্রক্রিয়া নিয়ে।
কংগ্রেসের সংসদ সদস্য ইশা খান চৌধুরী বলেছেন, এত বেশি সংখ্যক আপিলে নাম ফিরে আসা প্রাথমিকভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়েছিল কি না, সেই প্রশ্ন তৈরি করে।
ইশা খান চৌধুরীর মতে, আরটিআইয়ের জবাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আপিলের সংখ্যা নিয়ে অসঙ্গতি। এসআইআরের পর্যালোচনায় ২৭ লাখ ২৮ হাজার ৫০০ ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অন্যদিকে আপিল জমা পড়েছে ৩৮ লাখ ১০ হাজার ৬২০টি। অর্থাৎ আপিলের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ১২০ বেশি।
নির্বাচন কমিশনের কাছে এই পার্থক্যের ব্যাখ্যা চেয়েছেন ইশা খান। তার দাবি, এর মধ্যে এমন আপিলও রয়েছে, যেগুলো নির্বাচন কমিশন বা অন্য পক্ষ ভোটারদের নাম বাদ দেয়ার জন্য করেছে।



