কলকাতায় নিউমার্কেটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম
ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯) মধ্যরাতে এই আগুন লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে কয়েকজন জ্ঞান হারান। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে শিশুসহ ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলেছেন, নিহত ব্যক্তিরা হোটেলের আবাসিক ছিলেন। তারা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তারা কলকাতায় এসেছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের তিনতলার হোটেল শিখা ইনে
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ২টার আগে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলের তিনতলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলো। সেই আগুন ছড়ায় আশপাশে। আতঙ্কে আবাসিকেরা ছোটাছুটি শুরু করেন। যে হোটেলে আগুন লাগে তার অদূরেই ফায়ার সার্ভিসের অফিস রয়েছে। রাত ২টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
শুধু ফায়ার সার্ভিস নয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ মার্কেট থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। হোটেলগুলো গলির মধ্যে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ির বেশি ভেতরে ঢোকার সুযোগ ছিল না। প্রথমে বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা হোটেলের ভিতরে ঢুকে উদ্ধারকাজ শুরু করেন।
আগুন যখন লাগে তখন হোটেলের আবাসিকেরা ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল না বলে দাবি স্থানীয়দের। আগুন লাগার খবর ছড়াতেই আবাসিকেরা হোটেলের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
অভিযোগ উঠেছে, হোটেলের ঢোকা-বেরোনোর পথ খুবই সঙ্কীর্ণ। আবাসিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ফরেনসিক বিশেষজ্ঞেরা তদন্তের প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।



