সৌদি আরবে ১৩ হাজার প্রবাসীকে বহিষ্কার, গ্রেপ্তার আরও ১৪ হাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম
সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৫৪২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া এ সময়ে প্রায় ১৩ হাজার জনকে দেশ থেকে বহিষ্কার করেছে রিয়াদ।
রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ার, ৩২ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আটক করা হয় আরও ১৯ জনকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেয়া, নিয়োগ করা কিংবা কোনোভাবে তাদের অপরাধে সহায়তা করার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ৩২ হাজার ৪৭৯ জন প্রবাসীকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে। তাদের মধ্যে ৩০ হাজার ৫৪০ জন পুরুষ এবং ১ হাজার ৯৩৯ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ৮১৮ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৬ হাজার ৩৫৫ জনকে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে। এ সময়ে সৌদি থেকে বহিষ্কার করা হয়েছে ১২ হাজার ৯৪৫ জনকে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেয়া কিংবা এ ধরনের ব্যক্তিদের কোনো ধরনের সহায়তা বা সেবা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ধরনের কাজে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেয়ার জন্য ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।



