Logo
Logo
×

আন্তর্জাতিক

বিদ্যালয়ের জমি উদ্ধারে শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে মানববন্ধন, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

বিদ্যালয়ের জমি উদ্ধারে শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে মানববন্ধন, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

বিদ্যালয়ের দখল হয়ে থাকা জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন ও ছাত্রাবাস নির্মাণের জন্য জমির ব্যবস্থা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নাগরিক অংশ নেন। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনের পর শিক্ষার্থীরা উব্দাখালী সেতুর ওপর সড়কে অবস্থান নেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিদ্যালয়-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ১৯৬৬ সালে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের নামে ৩ দশমিক ৯৩ একর জমি বরাদ্দ দেওয়া হয়। ১৯৮১ সালে ওই জমি বিদ্যালয়ের নামে নামজারি হয়। বর্তমানে বিদ্যালয়ের দখলে রয়েছে প্রায় ২ দশমিক ৬২ একর। বাকি প্রায় ১ দশমিক ৩১ একর জমি রঞ্জমোহন দত্ত গংয়ের লোকজনের দখলে রয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয়ের জমি সরেজমিনে পরিমাপ করে সীমানা নির্ধারণের পর দখলমুক্ত করতে হবে। উদ্ধার করা জমিতে খেলার মাঠ, ছাত্রাবাস ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা, সরকারি খাসজমি ও উব্দাখালী নদীর চর দখলমুক্ত করা এবং পরিবেশদূষণ বন্ধের দাবিও জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ ও শিক্ষাবান্ধব পরিবেশ জরুরি। দীর্ঘদিন দাবি জানিয়েও সমাধান না হওয়ায় তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে শান্তিপূর্ণভাবে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন। তবে জমি দখলের অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ ও প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন