২৪ ঘণ্টায় স্পেনে প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউটায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছে। স্পেনের শীর্ষ আদালতের সাম্প্রতিক এক রায়ের পর এই নজিরবিহীন ঘটনা ঘটে, যেখানে বলা হয়েছিল— সেউটা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টা করার সময় সাগরে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না।
এই পরিস্থিতিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একটি ‘আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, বেআইনিভাবে প্রবেশ করা অভিবাসীদের যত দ্রুত সম্ভব মরক্কোয় ফেরত পাঠানো হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সেউটা ও মেলিলা অঞ্চলে ইতোমধ্যেই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, এই অভিবাসী স্রোত সেউটার মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
তবে ইতোমধ্যে ২৫ হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় বা কর্তৃপক্ষের তৎপরতায় মরক্কোয় ফিরে গেছে। বর্তমানে প্রতি মিনিটে প্রায় ১৫০ জন হারে মানুষ সেউটা ছেড়ে যাচ্ছে।
মাদ্রিদ অভিযোগ করেছে, অপরাধ চক্রগুলো আদালতের রায়কে অপব্যবহার করে এই পরিস্থিতি তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের নেতারা ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে মন্তব্য করেছেন। ইতালি শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দিলেও স্পেন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। বর্তমানে মরক্কো কর্তৃপক্ষের সহযোগিতায় অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ চলছে।



