Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতীয় গ্যাংস্টার নীতীশকে গ্রেপ্তার করল এফবিআই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

ভারতীয় গ্যাংস্টার নীতীশকে গ্রেপ্তার করল এফবিআই

কানাডা সীমান্তের এক মাইলের কম দূরত্ব থেকে ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার নীতীশ কুশলকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। মার্কিন আদালতের জমা দেয়া নতুন নথি থেকে জানা যায়, নীতীশ কুশল জগ্গু ভগবানপুরিয়া অপরাধী চক্রের সদস্য এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তালিকাভুক্ত অপরাধী। 

অভিযোগ রয়েছে, নীতীশ বেশ কিছুদিন ধরে গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তদন্তকারীরা যেন তার অবস্থান শনাক্ত করতে না পারেন, সে জন্য তিনি নিজের মুঠোফোন ফেলে দেন-এমনকি নিউ জার্সির একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে নিজের পরিচয় লুকানোরও চেষ্টা করেন। খবর এনডিটিভির। 

‘লালা’ নামেও পরিচিত কুশল। এফবিআইয়ের শীর্ষ পলাতক আসামিদের তালিকায় নাম ওঠার পর ১৬ জুলাই ভারমন্ট অঙ্গরাজ্যের আলবার্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারপক্ষের আইনজীবীরা এখন আদালতের কাছে আবেদন করেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত কুশলকে যেন কারাগারেই রাখা হয়। কারণ হিসেবে তারা বলেছেন, এই ব্যক্তি সমাজের জন্য যেমন বিপজ্জনক, তেমনি তার আবার পালিয়ে যাওয়ারও বড় ধরনের ঝুঁকি রয়েছে।

নতুন নথিপত্র থেকে জানা যায়, কুশলকে গ্রেপ্তারের পেছনের বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি আন্তর্জাতিক একটি বড় অপরাধী চক্রের সদস্য। এই চক্রের শিকড় ভারতের পাঞ্জাবে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজি, অর্থ পাচার এবং মানব পাচারের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের ফেডারেল গ্র্যান্ড জুরি কুশলের বিরুদ্ধে অবৈধ কারবারিদের দ্বারা প্রভাবিত এবং দুর্নীতিগ্রস্ত সংগঠনের (রিকো) মাধ্যমে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে অভিযোগও গঠন করেছে। কর্তৃপক্ষ ৭ জুলাই তাকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি।

কুশলকে আটকে রাখার আবেদনে বলা হয়েছে, অভিযোগ গঠনের খবর পেয়েই কুশল নিজের মুঠোফোন ফেলে দেন। আদালতের নির্দেশে তদন্তকারী কর্মকর্তারা ওই ফোন ট্র্যাক করছিলেন। ফোন ফেলেই তিনি উধাও হয়ে যান। এরপরই এফবিআই তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করে।

আইনজীবীদের দাবি, কানাডা সীমান্ত থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি গাড়ি ফেলে যান কুশল। এরপর ১৬ জুলাই সীমান্ত থেকে এক মাইলের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। নথিতে আরও বলা হয়েছে, ওই দিন সকালে ভারমন্টে কুশলকে শনাক্ত করার আগে কানাডার পুলিশ একজনকে পায়ে হেঁটে কানাডার ভেতরে যেতে দেখেছিল। তবে কানাডায় দেখা যাওয়া ওই ব্যক্তিই যে কুশল, সে কথা নথিতে নিশ্চিত করে বলা হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন