Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ফের রাতভর হামলা, তেহরানসহ পাঁচ শহরে বিস্ফোরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম

ইরানে ফের রাতভর হামলা, তেহরানসহ পাঁচ শহরে বিস্ফোরণ

ইরানে আবারও নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর চালানো এই হামলার মধ্যে রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহরে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তেহরানের বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সর্বশেষ দফার হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, রাজধানী তেহরান ও এর আশপাশে বিস্ফোরণের খবরের মধ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব ও পশ্চিম তেহরানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন ও পাকদাশ্ত এলাকায় প্রাথমিকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পৃথকভাবে পাকদাশ্তের গভর্নরও শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটেছে। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা কাঠামো থাকলেও দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

পৃথক প্রতিবেদনে আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নতুন হামলার মধ্যে ইরানের অন্তত পাঁচটি শহরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন স্থানে নতুন হামলার ঘোষণা দেওয়ার পর দক্ষিণাঞ্চলের আহভাজ ও চাবাহার শহরে একাধিক বিস্ফোরণের খবর দেয় ইরানি গণমাধ্যম।

মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যানসার হাসপাতালের কাছাকাছি যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। এরপর হাসপাতালটি খালি করে নেয়া হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসের কাছেও মার্কিন হামলা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের রাস্ক শহরের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কোনারাক শহরেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এরপর বৃহস্পতিবার ভোরের দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার হামলা শেষ হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে ফেলার সক্ষমতা আরও দুর্বল করতে ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তারা আরও জানায়, বন্দর আব্বাসসহ একাধিক স্থানে নির্ভুলভাবে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এর আগে একই দিন প্রায় ৯০ মিনিটের অভিযানে গ্রেটার তুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবস্থানেও হামলা চালানো হয়।

সেন্টকম বলেছে, যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়কের নির্দেশে ইরানকে জবাবদিহির আওতায় আনতে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন