ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির পাঁচটি প্রদেশে এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। বুধবার থেকে চলমান এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে কুয়েত, কাতার এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, কুয়েতে একটি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে মার্কিন সেনাদের মালিকানাধীন জ্বালানি ট্যাংক লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন প্রশাসনের লক্ষ্য কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না এবং ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
সূত্র: আলজাজিরা



