Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫১ এএম

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইস্তাম্বুল ও অ্যাঙ্কোরেজে হওয়া পূর্ববর্তী সমঝোতা এবং বর্তমান বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত মস্কো। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সম্ভাব্য আলোচনার আগে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (২৩ জুন) সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের উদ্যোগেই আলোচনার প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। তার ভাষায়, ‘ইস্তাম্বুলে অর্জিত সমঝোতার ভিত্তিতে রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত। ইস্তাম্বুলের সমঝোতা, অ্যাঙ্কোরেজে আলোচিত বিষয়গুলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বর্তমান বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই আমরা আলোচনা করতে প্রস্তুত।’

তার দাবি, স্থগিত হয়ে থাকা শান্তি আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা সামনে রেখে ইউক্রেন নিজেদের অবস্থান শক্তিশালী করতে রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে।

গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ১৬ মে, ২ জুন এবং ২৩ জুলাই অনুষ্ঠিত এসব বৈঠকের পর বড় ধরনের বন্দি বিনিময় হয় এবং সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে উভয় পক্ষের অবস্থান তুলে ধরে খসড়া স্মারক তৈরি করা হয়।

এরপর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টরা যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের শহর অ্যাঙ্কোরেজে বৈঠক করেন। ওই বৈঠক থেকে ২৮ দফার একটি শান্তি পরিকল্পনা তৈরি হয়, যা পরে সংশোধন করে ২০ দফায় আনা হয়। তবে ইউক্রেন তাদের ভূখণ্ডের কোনও অংশ ছাড় দিতে অস্বীকৃতি জানায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি বছরের শুরুতেও মস্কো ও কিয়েভের মধ্যে তিন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ২৩-২৪ জানুয়ারি, ৪-৫ ফেব্রুয়ারি এবং ১৭-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকের প্রথম দুটি হয় আবুধাবিতে এবং তৃতীয়টি অনুষ্ঠিত হয় জেনেভায়।

তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সেই আলোচনাপ্রক্রিয়া থেমে যায়। এর আগে ২০২২ সালে সরাসরি আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেন একটি খসড়া শান্তিচুক্তির বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। ইস্তাম্বুলে ওই খসড়া চুক্তিতে দুই পক্ষের প্রতিনিধিরা প্রাথমিক সম্মতিসূচক স্বাক্ষরও করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন