যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয় যাত্রীর মধ্যে একজন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হয়নি। তবে নিরাপত্তার কারণে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় এবং অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী জানালা ও দরজা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী জাইরা গারজা বলেন, “দৃশ্যটা যেন সিনেমার মতো ছিল। আগুন দেখে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম, কারণ বিমানটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারত।”
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কেন মহাসড়কে বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



