হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে এফবিআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২২ পিএম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করেছে। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে।
প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, হামলার পরিকল্পনায় বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনগুলোতে আঘাত হানা এবং পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা ছিল। আতঙ্কে ছুটতে থাকা জনতাকে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের। এরপর দ্বিতীয় ধাপে হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর পরিকল্পনা করা হয়।
গ্রেফতার হওয়া পাঁচজন হলেন—ওহাইওর টাইসেন সি প্রোপার (১৯), ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন। যদিও তারা সবাই ওই ইভেন্টে উপস্থিত ছিলেন না।
তদন্তে জানা যায়, টাইসেন প্রোপারের মা স্থানীয় কর্তৃপক্ষকে জানান যে তার ছেলে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে এবং অনলাইনে একটি খ্রিস্টানভিত্তিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে। এরপর থেকেই এফবিআই নজরদারি শুরু করে।
ডিওজে জানিয়েছে, আব্রাহাম আলভারেজ হামলার পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন এবং ড্রোন পরিচালনার কাজ দেখভাল করতেন। তারা ওয়াশিংটনের মানচিত্রে সম্ভাব্য স্নাইপার অবস্থান ও বিদ্যুৎ গ্রিড চিহ্নিত করে নিজেদের মধ্যে আদান-প্রদান করেছিল।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, “পরিকল্পিত হামলা শুরু হওয়ার আগেই তা ঠেকানো সম্ভব হয়েছে।”
রোববার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসের সাউথ লনে ইউএফসির বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৪ হাজার ৩০০ আমন্ত্রিত অতিথি এবং আশপাশে আরও প্রায় ৮৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।



