ভারতের অনুমোদন না পাওয়ায় নেপাল থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:১৪ পিএম
বাংলাদেশে নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। ভারতের অনুমোদন না পাওয়ায় আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে।
নেপালের জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়নি। তাদের দাবি, ভারত-বাংলাদেশ সংযোগকারী বিদ্যুৎ সঞ্চালন লাইনে পর্যাপ্ত সক্ষমতা নেই।
২০২৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৪০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও নতুন ত্রিপক্ষীয় চুক্তি এখনও সম্পন্ন হয়নি।
বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। নেপাল ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট।
অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির পরবর্তী বৈঠকে আলোচনায় আসবে। ভারতের অনুমোদন মিললে নতুন চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি ৬০ মেগাওয়াটে উন্নীত হতে পারে।



