পাকিস্তানে দারিদ্র্যের হার বেড়ে ২৮.৯ শতাংশ, শিক্ষা খাতে ব্যয় অর্ধেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৪৫ এএম
পাকিস্তানে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৯ শতাংশে। একই সময়ে শিক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে ২০২৫ অর্থবছরে জিডিপির মাত্র ০.৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৩ অর্থবছরে ছিল ১.৫ শতাংশ। পাকিস্তান ইকোনমিক সার্ভে ২০২৫-২৬–এ এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর জিও নিউজের।
সার্ভে অনুযায়ী, ২০১৮-১৯ সালে দারিদ্র্যের হার ছিল ২১.৯ শতাংশ। বর্তমানে তা বেড়ে বহু মানুষ আবার দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। গ্রামীণ দারিদ্র্য ২৮.২ শতাংশ থেকে বেড়ে ৩৬.২ শতাংশে দাঁড়িয়েছে, আর শহরে তা ১১ শতাংশ থেকে বেড়ে ১৭.৪ শতাংশ হয়েছে।
প্রদেশভিত্তিক হিসাবেও দারিদ্র্য বেড়েছে। বেলুচিস্তানে দারিদ্র্য সবচেয়ে বেশি, ৪৭ শতাংশ। খাইবার পাখতুনখোয়ায় ৩৫.৩ শতাংশ, সিন্ধে ৩২.৬ শতাংশ এবং পাঞ্জাবে ২৩.৩ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।
শিক্ষা খাতে ব্যয় কমে ২০২৫ অর্থবছরে ৯৬২ বিলিয়ন রুপি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ কম। বিশেষ করে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় শিক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। দেশের মাত্র ৫৯ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সুবিধা রয়েছে। বেলুচিস্তানে এটি মাত্র ২১ শতাংশ, আর টয়লেট সুবিধা প্রায় নেই বললেই চলে (০.৩ শতাংশ)।
বর্তমানে পাকিস্তানের সাক্ষরতার হার ৬৩ শতাংশ, নারীদের ক্ষেত্রে ৫৪ শতাংশ। এখনও প্রায় এক-তৃতীয়াংশ শিশু স্কুলের বাইরে রয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শিক্ষা খাতে টেকসই সংস্কার ও বিনিয়োগ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।



