ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাহশাহর শহরের কারুন পেট্রোকেমিক্যাল স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এ ঘটনার ভিডিও দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়।
সোমবার (৮ জুন) সকালে স্থাপনাটিতে দুটি হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও আর্থিক লোকসানের পরিমাণ এখনো মূল্যায়ন করা হচ্ছে। পরিস্থিতির বিবেচনায় পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ দিনের শিফটে কর্মরত কর্মীদের সরিয়ে নিয়েছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা ইসরায়েলের হাইফায় অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের তথ্য অনুযায়ী, এটি ছিল ইসরায়েলি হামলার পাল্টা জবাব।
তবে হাইফার ওই স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট জানা যায়নি।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র : আল জাজিরা



