ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি কমেছে ইরাকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:০০ পিএম
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি হয়ে ইরাকের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে। দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর আল আরাবিয়ার।
তিনি বলেন, এপ্রিল মাসে হরমুজ প্রণালি হয়ে ইরাক মাত্র ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে। অথচ যুদ্ধের আগে মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো। চলাচল ব্যাহত হওয়া এবং বীমা জটিলতার কারণে অনেক ট্যাংকার প্রণালিতে প্রবেশ করছে না। ফলে রপ্তানি সীমিত হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে।
বর্তমানে ইরাক দৈনিক ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। মার্চ মাসে বাগদাদ সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে সমঝোতার পর কিরকুক-জেইহান পাইপলাইন দিয়ে আবার তেল রপ্তানি শুরু হয়েছে। তুরস্কের জেইহান বন্দর দিয়ে দৈনিক ২ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হচ্ছে, যা বাড়িয়ে ৫ লাখ ব্যারেলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তেলমন্ত্রী জানান, ইরাক তেল ও গ্যাস খাতের প্রকল্পে সহযোগিতার জন্য তুরস্কের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে। পাশাপাশি শেভরন, এক্সনমোবিল ও হ্যালিবার্টনসহ মার্কিন কোম্পানির সঙ্গে প্রকল্প উন্নয়নে আলোচনা চলছে। দ্রুত চুক্তি স্বাক্ষর হলে ইরাক বড় অঙ্কের রাজস্ব আয় করতে পারবে।
তিনি আরও বলেন, বাগদাদের লক্ষ্য দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ লাখ ব্যারেলে উন্নীত করা। এজন্য ওপেকের সঙ্গে আলোচনা চলছে। তবে ইরাকের ওপেক বা ওপেক+ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। বরং স্থিতিশীল ও গ্রহণযোগ্য তেলের দাম নিশ্চিত করতে শক্তিশালী ওপেক ব্যবস্থাকেই সমর্থন করছে দেশটি।



