মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নৌকাটিতে মোট ৩৭ জন অবৈধ অভিবাসী ছিলেন। সোমবার ভোরে স্থানীয় এক জেলে সমুদ্রে কয়েকজন মানুষকে ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকা।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী নৌকা, হেলিকপ্টার ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মালয়েশিয়ায় নির্মাণ ও কৃষি খাতে কাজ করা লাখ লাখ অভিবাসীর বড় অংশ অবৈধভাবে অবস্থান করছেন। মানবপাচারকারী চক্রের মাধ্যমে সমুদ্রপথে প্রবেশের এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলে আরেকটি নৌকাডুবিতে ৩৬ অভিবাসীর মৃত্যু হয়েছিল।



