মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০১:২১ পিএম
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়। মঙ্গলবার দেওয়া এক সরকারি আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা এসব দোকান দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া বা বন্ধ করতে বলা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত দোকানগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫ মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬ ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দোকান বন্ধের তালিকায় রয়েছে।
দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তাসম্যাক রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় সরকারের আয় কতটা প্রভাবিত হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠন হয়েছে। বর্তমানে বিধানসভায় টিভিকের ১০৭ আসন রয়েছে। শরিকদের ১৩ বিধায়কের সমর্থন নিয়ে তিনি শিগগিরই আস্থা ভোটে অংশ নেবেন।



