হরমুজ প্রণালিতে ইরানি জাহাজে মার্কিন হামলা, আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৫১ পিএম
হরমুজ প্রণালি ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে সংঘটিত এ আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ নিশ্চিত করেছে।
মিনাউ কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আঘাতের পরপরই জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় কার্গো ভেসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বে ছিলেন। আহত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ পাঁচজন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল ও অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এ হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজে এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ওমান সাগর ও হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত থমথমে হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা



