Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে পারে ইরান : ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:২৮ পিএম

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে পারে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইরান বিশ্বকাপ খেলতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভেন্যুতে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই। চলতি বছরের জুন ও জুলাই মাসে উত্তর আমেরিকায় এবারের আসর অনুষ্ঠিত হবে।

এর আগে জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরান টুর্নামেন্টে অংশ নেবে এবং তাদের ম্যাচ যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। তার এ ঘোষণার পর ট্রাম্প এ মন্তব্য করেন। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “যদি জিয়ান্নি বলে থাকে, তাহলে আমার আপত্তি নেই। ওদের খেলতে দিন।”

এর আগে বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে ইনফান্তিনো প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জানান, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

ইনফান্তিনো বলেন, আমি শুরুতেই স্পষ্ট করে বলতে চাই যে, ইরান অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে।

এর আগে ইরানি কর্মকর্তারা তাদের গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দিলেও তা ইতোমধ্যেই নাকচ করে দেন ইনফান্তিনো।

আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবারের কংগ্রেসকে ঘিরে উত্তেজনাও তৈরি হয়। ২১১ সদস্যের এই সভায় ইরানের প্রতিনিধিদলের কেউ উপস্থিত ছিলেন না। সপ্তাহের শুরুতে কানাডার সীমান্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের বিরোধ হয়। ইরানের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা টরন্টোতে পৌঁছানোর পর হঠাৎ করেই কানাডা ছেড়ে চলে যান এবং ভ্যাঙ্কুভারে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

ইরানি গণমাধ্যম জানায়, ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এবং তার দুই সহকর্মী কানাডার ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা ‘অপমানিত’ হওয়ার অভিযোগ তুলে দেশে ফিরে যান। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক সদস্য ছিলেন।

কানাডা ২০২৪ সালে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে এবং এ সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশটিতে প্রবেশ অযোগ্য বলে জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অ্যারিজোনার টুসনে অবস্থান করবে ইরান দল। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন