Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন-ট্রাম্পের ফোনালাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন-ট্রাম্পের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

উশাকভ সাংবাদিকদের জানান, ফোনালাপটি ৯০ মিনিটেরও বেশি সময় স্থায়ী হয়। এ সময় দুই দেশের প্রেসিডেন্ট ইরান এবং উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেন। উশাকভ আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিন মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তটি সঠিক, কারণ এটি আলোচনার সুযোগ দেবে এবং সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে।’

তবে পুতিন এও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও সামরিক পদক্ষেপ নেয়, তাহলে শুধু ইরান ও তার প্রতিবেশীদের জন্যই নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অনিবার্য এবং অত্যন্ত ক্ষতিকর পরিণতি অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে রাশিয়া দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

অন্যদিকে ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে। যদিও তিনি বলেন যে আলোচনাটি ইরানের চেয়ে ইউক্রেন যুদ্ধের ওপর বেশি কেন্দ্রীভূত ছিল। পুতিন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করতে সাহায্য করতে চেয়েছেন বলেও জানান ট্রাম্প কিন্তু তিনি রুশ নেতাকে প্রথমে ইউক্রেন আগ্রাসন বন্ধ করতে বলেছেন।

উশাকভ সাংবাদিকদের ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার আলোচনার বিষয়েও অবহিত করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশটিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর এই যুদ্ধ এখন পঞ্চম বছরে পদার্পণ করেছে।

সূত্র: আল আরাবিয়া

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন