ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে বেকাসি শহরের একটি রেলস্টেশনের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে একটি কমিউটার লাইন ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। কমিউটার লাইন অপারেটরের মুখপাত্র কারিনা আমান্দা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যে ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি কেএআই জানিয়েছে, আহত অন্তত ৮৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ স্যাফি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। তবে সংকীর্ণ জায়গা ও ট্রেনের বগিগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।
তিনি আরও জানান, আটকে পড়াদের নিরাপদে বের করতে উদ্ধারকর্মীরা ধীরগতিতে কাজ করছেন। ইতোমধ্যে ট্রেন দুটিকে আলাদা করা হয়েছে এবং ধাতব কাঠামো কাটতে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করা হচ্ছে।
এর আগে কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা প্রাথমিকভাবে ৫ জন নিহত ও ৭৯ জন আহত হওয়ার তথ্য দিয়েছিলেন। তবে মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়।



