যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা, আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ব্যারেলপ্রতি দাঁড়ায় ১০৭.৩৫ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় ৪৭ শতাংশ বেশি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং চলমান যুদ্ধ পরিস্থিতি তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে।
তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এশিয়ার শেয়ারবাজারগুলো ইতিবাচক সূচনা করেছে। টোকিওতে নিকেই২২৫ সূচক সকালে প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতায় আস্থা রাখছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভবিষ্যতে বাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে।



