হরমুজ প্রণালি অবরোধে তেলের দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা জানাল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম
হরমুজ প্রণালি অবরোধের পর বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ে নতুন শঙ্কার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, প্রণালি পুনরায় খুলে দিলেও বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে।
রাশিয়ার সম্প্রচার সংস্থা ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বিপুল পরিমাণ ব্যারেল তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকে আছে। তার মতে, বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে সময় লাগবে এবং হয়তো কয়েক মাসও লেগে যেতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর ফলে এশিয়াজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে।



