বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। তার এ বক্তব্যের পরই সোমবার (২০ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। খবর বিবিসির।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) ইরান ঘোষণা দেয়, তারা হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং কোনো জাহাজ কাছে এলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়ে। ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৬৬ ডলারে পৌঁছায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৫.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫৫ ডলারে ওঠে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা চলছে।
আর্থিক সেবা প্রতিষ্ঠান এমএসটি মারকির বিশ্লেষক সাউল কাভোনিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অবস্থান পরিবর্তনের প্রভাবেই বাজারে এমন ওঠানামা হচ্ছে। বাস্তব পরিস্থিতি জটিল এবং দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
রোববারও হরমুজ প্রণালি বন্ধ ছিল। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালি বন্ধ থাকবে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার (১৭ এপ্রিল) বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত থাকবে।
এদিকে, ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) জানিয়েছেন, ইরান ইস্যুতে আলোচনার জন্য তার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের।



