ইরান যুদ্ধে নেতানিয়াহুই ট্রাম্পকে জড়িয়েছেন: কমলা হ্যারিস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় এক ফান্ড রাইজিং ইভেন্টে অংশ নিয়ে কমলা হ্যারিস বলেন, “ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। আমাদের স্পষ্ট করতে হবে— ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এ যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকিতে ফেলেছে।”
এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি ইসরায়েলকে আমেরিকার নির্ভরযোগ্য মিত্র হিসেবে উল্লেখ করে তাদের সাহস, বিশ্বস্ততা ও বিচক্ষণতার প্রশংসা করেন।
ট্রাম্প লিখেছেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয়ী হতে হয়। তারা আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”
তিনি আরও বলেন, যুদ্ধের কঠিন সময়ে যখন অনেকেই পিছিয়ে গেছে, ইসরায়েল তখন সর্বশক্তি দিয়ে লড়াই করছে এবং জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।
সূত্র: বিবিসি



