সোমবার যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উভয় দেশের প্রতিনিধিদল রোববার ইসলামাবাদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছিল, গত মঙ্গলবার থেকেই দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলায় পাকিস্তান তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ পেয়েছে।
পর্দার আড়ালে কাজ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার ত্রিদেশীয় সফরে বের হন। একই দিনে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরানে পৌঁছে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। সৌদি আরব ও কাতারের নেতাদের সঙ্গে বৈঠকের পর শাহবাজ বৃহস্পতিবার রাতে তুরস্কে পৌঁছান।
ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন শুরু হয়েছে। গত শনিবার প্রথম দফার আলোচনায় রাজধানীতে ১০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছিল পাকিস্তান।
এদিকে শান্তি চুক্তির সম্ভাবনা আরও জোরদার হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি হলে তিনি ইসলামাবাদে যেতে পারেন। তিনি দাবি করেন, আলোচনায় থাকা প্রায় সবকিছুই তেহরান মেনে নিয়েছে।
প্রসঙ্গত, টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে বসে উভয় দেশের প্রতিনিধিদল। এটি ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। মুখপাত্র তাহির আন্দ্রাবি গণমাধ্যমকে যাচাইবিহীন প্রতিবেদন প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: সিএনএন, এনডিটিভি



