ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় আটজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ অঞ্চলে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল ৮টা ৩৯ মিনিটে এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকাজ আরও জটিল হয়ে উঠেছে।
এই দুর্ঘটনা ইন্দোনেশিয়ার আকাশপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।



