ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনাতেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই এই দলটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। ট্রাম্প তার এই তিন শীর্ষ উপদেষ্টার ওপর পূর্ণ আস্থা রেখেছেন একটি ‘সম্মানজনক প্রস্থান’ বা ডিপ্লোম্যাটিক অফ-র্যাম্প খুঁজে বের করার জন্য।
গত শনিবার টানা ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকে ভ্যান্স, উইটকফ এবং কুশনার ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে বড় কিছু ঘটতে পারে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ আলোচনার বিষয়ে আলোচনা চলছে তবে এখনো কোনো সুনির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে বৈঠকের চূড়ান্ত রূপরেখা এখনও প্রক্রিয়াধীন।
সূত্র: সিএনএন



