মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিয়ে বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং শান্তি ফিরিয়ে আনতে আলোচনার বিকল্প নেই।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস বলেন, বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন মানার প্রবণতা আশঙ্কাজনকভাবে কমছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়মকানুনকে রীতিমতো পদদলিত করা হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, সংকট নিরসনে গুরুত্বসহকারে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে হবে এবং যেকোনো মূল্যে বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে হবে। গুতেরেস আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যোগাযোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
জাতিসংঘ মহাসচিবের মতে, আন্তর্জাতিক আইন ও যুদ্ধের নীতিমালা উপেক্ষা করার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই বলপ্রয়োগের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপরই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
সূত্র: আলজাজিরা



